ছবি ভিডিও ভিডিও
অপরাধ, আমার দেশ, খুলনা, বিশেষ প্রতিবেদন, শীর্ষ

খুলনায় ৯ মাসে ৩৫ খুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ‘ডাবল ডোজ’ অভিযান

প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ৬:৩৯ অপরাহ্ণ




বিশেষ প্রতিবেদক, খুলনাঃ খুলনা জেলায় চলতি বছরে ৩৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হলেও ১০টি এখনো অনুদ্ঘাটিত রয়ে গেছে। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে রূপসা উপজেলায়। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেখানে ১২টি হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ দুটি ‘টার্গেট কিলিং’-এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার ‘ডাবল ডোজ’ অভিযান শুরু করেছে জেলা পুলিশ।

রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা এই চার থানাকে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এসব এলাকায় ২৪ ঘণ্টা অভিযান, চেকপোস্ট স্থাপন ও ব্লক রেইড চালানোর ঘোষণা দেওয়া হয়েছে। খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আনতে চাই।

অপরাধীদের উদ্দেশে তার কড়া বার্তা মাদক ও অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালানো যাবে না।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে খুলনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, মাদক ও অবৈধ অস্ত্র পরস্পরের সঙ্গে জড়িত। মাদক ব্যবসায়ীদের মধ্যে লাভের ভাগাভাগি ও স্বার্থের দ্বন্দ্ব থেকে হত্যাকাণ্ডের একটি অংশ ঘটছে।

পাশাপাশি অবৈধ অস্ত্রের বিস্তারও হত্যাকাণ্ড বাড়াচ্ছে। এ কারণে বিশেষ অভিযানে মাদক ও অস্ত্র উদ্ধারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩৫টি হত্যাকাণ্ডের মধ্যে গুলি করে ‘টার্গেট কিলিং’ করা হয়েছে ৯টি। এ ছাড়া মাদককে কেন্দ্র করে ৩টি, সামাজিক দ্বন্দ্ব বা মারামারিতে ১৩টি, রাজনৈতিক গ্রুপিংয়ে ২টি, অজ্ঞাত কারণে ২টি এবং পারিবারিক বা পরকীয়াজনিত কারণে ৪টি হত্যাকাণ্ড ঘটেছে। পাশাপাশি শ্বাসরোধে ২টি নবজাতক হত্যার ঘটনাও রয়েছে। পুলিশের বিশ্লেষণ অনুযায়ী, গুলি করে হত্যার ঘটনাগুলোর পেছনেও মূলত মাদককেন্দ্রিক বিরোধ কাজ করেছে।

রূপসাকে অপরাধের হটস্পট হিসেবে চিহ্নিত করার পেছনে ভৌগোলিক ও জনবসতিগত কারণও দেখছে পুলিশ। খুলনা শহরের কাছাকাছি হলেও রূপসা নদী দিয়ে শহর থেকে বিচ্ছিন্ন এই অঞ্চল। ফলে অপরাধ সংঘটন করে নদীপথে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ পায় অপরাধীরা। পাশাপাশি ঘনবসতি, অসংখ্য সরু গলি ও শাখা-প্রশাখা সড়ক অপরাধীদের আত্মগোপন এবং দ্রুত স্থান পরিবর্তনে সহায়তা করছে।

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে এই চার থানায় বিশেষ অভিযান শুরু হয়েছে। নড়াইল ও যশোরসহ বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ এনে অভিযান জোরদার করা হয়েছে। প্রথম দিনেই প্রায় ১০০ জনকে গ্রেপ্তার এবং প্রায় ২৫০ পিস ইয়াবা ও এক কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের একটি বড় অংশ অনলাইন জুয়া ও মাদকের সঙ্গে জড়িত। পুলিশের চলাচলের তথ্য অপরাধীদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগে একাধিক ‘ওয়াচারকেও’ গ্রেপ্তার করা হয়েছে।

তবে দীর্ঘদিনের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধারে দৃশ্যমান সাফল্য না থাকায় পুলিশের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ সুপার নিজেই জানিয়েছেন, গত ১৫ সেপ্টেম্বর থেকে নিয়মিত অভিযান চললেও অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। তার ভাষ্য, আগের অভিযান যথেষ্ট তীব্র ছিল না, তবে এবার কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।