ছবি ভিডিও ভিডিও
অপরাধ, আমার দেশ, ঢাকা, দুর্নীতি, বিশেষ প্রতিবেদন, শীর্ষ

বহুল আলোচিত সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর দুর্নীতি, বদলি বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর চিত্র : দুদকের হস্তক্ষেপ কামনা 

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ | ৩:৩৪ অপরাহ্ণ

বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ দেশের রেজিস্ট্রেশন খাত এবং সরকারি প্রশাসনিক মহলে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত-সমালোচিত ও বিতর্কিত নাম সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

সাবেক ক্ষমতাসীন সরকারের আমল থেকে শুরু করে বর্তমান অন্তর্বর্তীকালীন প্রশাসনের সময় পর্যন্ত বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য ও কূটকৌশল বজায় রেখে তিনি কী ভাবে নিজের অবস্থান পাকাপোক্ত করে রেখেছেন, তা নিয়ে গণমাধ্যম ও প্রশাসনিক অঙ্গনে চলছে তীব্র সমালোচনা।

তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, শত কোটি টাকার বদলি বাণিজ্য, বিশাল অংকের অবৈধ সম্পদ অর্জন এবং নানা অনিয়মের পাহাড়সম অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

অভিযোগ রয়েছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহচর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ।

ওই রাজনৈতিক আশীর্বাদকে পুঁজি করে তিনি তেজগাঁও, খিলগাঁও ও সাভারের মতো দেশের সবচেয়ে লোভনীয় ও গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিস গুলো নিজের নিয়ন্ত্রণে রাখেন। সরকার পরিবর্তনের পর প্রশাসনের বিভিন্ন স্তরে রদবদল এলেও মাইকেল মহিউদ্দিন সুকৌশলে বিভিন্ন মহলকে ম্যানেজ করে নিজের চেয়ার ধরে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের পদায়নের সরকারি উদ্যোগের মধ্যেও তিনি খিলগাঁও বা তেজগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে বহাল থাকতে বিভিন্ন তদবির ও সিন্ডিকেট পরিচালনা করেছেন বলে ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে।

মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে অর্জিত অবৈধ সম্পদের খতিয়ান রীতিমতো চোখ কপালে তোলার মতো।

ব্যাপক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যানুযায়ী, তাঁর নামে ও বেনামে রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় কোটি কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।

আফতাবনগর প্রকল্পঃ এই এলাকায় তাঁর একটি ভবনে প্রায় ২৯টি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ আছে, যার প্রতিটির আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। গুলশান ও নিকেতন: গুলশান-১ এলাকার একটি অভিজাত ভবনের দুই ফ্লোরজুড়ে তাঁর আবাসন ও সম্পত্তির তথ্য পাওয়া গেছে। এ ছাড়া গুলশান ও নিকেতনের বিভিন্ন অভিজাত ব্লকে বেনামে একাধিক অ্যাপার্টমেন্ট রয়েছে।

বসুন্ধরা ও অন্যান্য এলাকাঃ বসুন্ধরা আবাসিক এলাকা এবং ধানমন্ডির মতো অভিজাত স্থানেও তাঁর এবং তাঁর ঘনিষ্ঠ স্বজনদের নামে প্লট ও ফ্ল্যাট রয়েছে।

কৃষিজমি ও খামারঃ রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিপুল পরিমাণ কৃষিজমি, মৎস্য প্রকল্প (ঘের) ও বাণিজ্যিক খামারের সন্ধান পাওয়া গেছে, যা তাঁর অর্জিত অবৈধ আয়ের অর্থে গড়ে উঠেছে বলে অভিযোগ।

মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে ওঠা এসব দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ ও সম্পদের হিসাব খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর পক্ষ থেকে গত ১৩ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যানের নিকট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে যে, এই বিশাল দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য অভিযুক্ত কর্মকর্তা প্রায় ৫০ কোটি টাকার একটি বিশাল তহবিল বরাদ্দ রেখেছেন, যার মাধ্যমে বিভিন্ন স্তরে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

সাম্প্রতিক একটি বড় দলিলের অনিয়মের বিষয়েও তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ১০ মার্চ বন্দর স্টিলের মালিকানাধীন ৮১ শতাংশ জমি শেলটেক প্রাইভেট লিমিটেডের কাছে সাফ-কবলা দলিলের (দলিল নং- ২৫০৯) মাধ্যমে হস্তান্তর করা হয়, যেখানে সম্পত্তির মূল্য দেখানো হয় ৮৭ কোটি ৪০ লাখ টাকা।

অভিযোগ রয়েছে, এই দলিল সম্পাদনের আগের রাতে সাব-রেজিস্ট্রার মাইকেলের এক ঘনিষ্ঠ উমেদারের নিকেতনের বাসায় নগদ ২ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছিল। এই বিশাল অঙ্কের সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া এবং লেনদেনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর একক কর্তৃত্ব ও প্রভাব নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ রয়েছে, তিনি সেখানে ২০ থেকে ৩০ জনের একটি বিশেষ বাহিনী বা ক্যাডার সিন্ডিকেট গড়ে তুলেছেন, যাদের মাধ্যমে প্রতিদিন কমপ্লেক্সের বিভিন্ন শাখা থেকে লাখ লাখ টাকা চাঁদাবাজি করা হয়। চেইন অব কমান্ড ভেঙে পড়ার কারণে সাধারণ সেবাগ্রহীতারা জিম্মি হয়ে পড়েছেন এবং ঘুষ লেনদেন ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

মাইকেলের ভুরি ভুরি অভিযোগ সত্ত্বেও তাঁর বিরুদ্ধে প্রশাসনিক দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় সংশ্লিষ্ট মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।