ছবি ভিডিও ভিডিও
আমার দেশ, ঢাকা, দুর্নীতি, বিশেষ প্রতিবেদন, শীর্ষ

বিআরটিসি বরিশাল বাস ডিপোর ভেতর নাশকতার পরিকল্পনার অভিযোগ : ম্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গ, সরকারি আদেশ অমান্য করে অবৈধ কাউন্টার পরিচালনার অভিযোগ : গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৩:২০ পূর্বাহ্ণ

বিশেষ প্রতিবেদক, বরিশালঃ বিআরটিসি বরিশাল বাস ডিপোর ভেতর নাশকতার পরিকল্পনার অভিযোগ পাওয়া গেছে ম‍্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে। সেই সাথে পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে ডিপোর অভ্যন্তরে নিজ অফিস কক্ষে গোপন বৈঠকেরও অভিযোগ উঠেছে।

পতিত ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেনিয়াবাত সাদিক আব্দুল্লার অনুসারীদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে অভিযোগ সুত্রে জানা যায়।

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীদের সাথে গোপন বৈঠকঃ বিগত ১২, ১৩ ও ১৪ নভেম্বর রাতে বরিশাল ডিপোর ম্যানেজার জুলফিকার আলী তাঁর নিজ অফিস কক্ষে বসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা ও ডিপোর চালক রবিউল এবং মেজবার সাথে ঘণ্টাব্যাপী গোপন আলোচনা করেন। উল্লেখ্য, উক্ত চালকদ্বয় বিগত ১৪ বছর ধরে অন্যজনের নামে গাড়ি নিয়ে নিজেরাই পরিচালনা করে আসছেন এবং তারা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

পরবর্তীতে ১৫ নভেম্বর ম্যানেজার জুলফিকার, রবিউল ও মেজবা আত্নগোপনে থাকা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাদের সাথে ভিন্ন ভিন্ন সময় ও গোপন স্থানে বৈঠকে মিলিত হন।

ওই বৈঠকে বর্তমান সরকারের বিরুদ্ধে নাশকতা ও ষড়যন্ত্রের অংশ হিসেবেই ম্যানেজার তাদের অর্থনৈতিক সুবিধা ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে
অভিযোগে উল্লেখ করা হয়।

ওই অভিযোগে আরো বলা হয় উক্ত তারিখ গুলির ডিপোর সিসিটিভি ফুটেজ এবং ম্যানেজারের মোবাইল ফোনের কল লিস্ট যাচাই করলেই এর সত্যতা পাওয়া যাবে।

দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গ ও অসদাচরণঃ বিআরটিসি প্রধান কার্যালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা (যুগ্ম সচিব) জরুরী দাপ্তরিক প্রয়োজনে ম্যানেজার জুলফিকারের সাথে ফোনে যোগাযোগ করে যে নির্দেশনা বা তথ্য প্রদান করেন, তা তিনি রবিউল ও মেজবাহর স্বার্থের পরিপন্থী হওয়ায় ম্যানেজার জুলফিকার তাৎক্ষণিক ভাবে তাদের কাছে ফাঁস করে দেন। একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হয়ে দাপ্তরিক গোপনীয়তা ভঙ্গ করা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী গুরুতর অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ।

রাজনৈতিক পক্ষপাতদুষ্ট নিয়োগ, পদোন্নতি ও প্রতিহিংসামূলক বদলিঃ বিআরটিসি বরিশাল ডিপোর ম্যানেজার জুলফিকার আলী বিগত সরকারের আমলে দলীয় কোটা ও মন্ত্রীর সুপারিশে বিআরটিসিতে চাকরি ও পদোন্নতি লাভ করেন, যা তাঁর চাকরির পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনেও উল্লেখ রয়েছে।

বর্তমানেও নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সাথে তাঁর ঘনিষ্ঠতার ছবি ও প্রমাণ বিদ্যমান। বরিশাল ডিপোতে যোগদানের পরপরই তিনি প্রতিহিংসামূলক ভাবে একজন নিরীহ কর্মী হাফিজকে অন্যায় ভাবে খুলনা ডিপোতে বদলি করে দেন।

ওই অভিযোগে আরো উল্লেখ করা হয়, পরিপত্র অনুযায়ী ডিপোর ২ কিলোমিটারের মধ্যে কোনো পাবলিক কাউন্টার স্থাপন বা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। কিন্তু বরিশাল ডিপো সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় লোকজনের মাধ্যমে অবৈধভাবে কাউন্টার পরিচালিত করে আসছে। ম্যানেজার জুলফিকার আলী কোনো আইনানুগ পদক্ষেপ না নিয়ে উল্টো তাদের সাথে যোগসাজশে রাষ্ট্রীয় রাজস্ব লুণ্ঠনে সহায়তা করছেন। সরেজমিনে তদন্ত ও কাগজপত্র যাচাই করলে এর প্রমাণ পাওয়া যাবে।

বহিরাগত বাসকে বিআরটিসির রং দিয়ে ডিপোতে সংরক্ষণ ও পরিচালনাঃ ম্যানেজার জুলফিকার বরিশাল ডিপোতে যোগদানের পর বিআরটিসির নিবন্ধন বহির্ভূত একটি বেসরকারি বাস (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ব ১২-২৫৩৪) হুবহু বিআরটিসির রঙে সজ্জিত করে ভোলা-চরফ্যাশন-বরিশাল-ঢাকা রুটে নিষিদ্ধ সংগঠনের লোকজন দিয়ে পরিচালনা করে আসছে। এবং ওই বাসটি সরকারি ডিপোর ভেতরে সংরক্ষণ করেন।

বিষয়টি অনুসন্ধানী সাংবাদিকদের নজরে এলে এবং তৎকালীন চেয়ারম্যানকে অবহিত করা হলে এর সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে বরিশাল এয়ারপোর্ট থানায় এ বিষয়ে মামলা দায়ের হয় এবং বাসটি ঢাকায় নিয়ে আসা হয়।

কিন্তু ডিপো ম্যানেজার জুলফিকারের প্রত্যক্ষ মদদ ছাড়া একটি অনিবন্ধিত গাড়ি কী ভাবে সরকারি ডিপোতে প্রবেশ করল এবং পরিচালিত হলো, সে বিষয়ে তাঁর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিভাগীয় বা ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ওই অভিযোগে আরো বলা হয়, অভিযোগ গুলোর বিষয়ে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সিসিটিভি ফুটেজ ও ম্যানেজার জুলফিকার আলীর মোবাইল ফোনের কল রেকর্ড যাচাই পূর্বক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দাপ্তরিক তথ্য ফাঁসের বিষয়টি খতিয়ে দেখা হোক। সেই সাথে অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং অনিবন্ধিত বাস (ঢাকা মেট্রো-ব ১২-২৫৩৪) ডিপোতে রাখার অপরাধে ম্যানেজার জুলফিকার আলী ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা হোক।

এ সকল বিষয়ে বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলীর সাথে কয়েকদফা যোগাযোগ করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সাথে প্রকাশ করা হবে।